সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি নেতা ও কর্মীরা খুনের শিকার হচ্ছেন। গতকাল বৃহস্পতিবারও নোয়াখালীতে বিএনপির এক নেতা খুনের শিকার হয়েছেন। তার আগের দিন রাতে কিশোরগঞ্জে বিএনপির এক নেতাকে ঢাকা থেকে ভাড়াটে খুনি এনে হত্যা করানো হয়েছে। ঘটনা পর্যালোচনা করলে বের হয় দলটির অনেক নেতা-কর্মীই টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন।
চব্বিশের ৫ আগস্টের পর থেকে দলটিতে খুনোখুনি বেড়েছে। মূলত দেশজুড়ে স্থানীয় আধিপত্য বিস্তার, মাদক কারবার, দখলবাণিজ্য, বালু মহাল, জলমহাল নিয়ন্ত্রণসহ এসব হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। কোথাও ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরেও হত্যার ঘটনা ঘটছে। কোথাও মাদকসেবন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেও অনেকে হত্যার শিকার হচ্ছেন বলে সংবাদমাধ্যম ও পুলিশ প্রশাসনের তথ্যে উঠে আসছে। আর নিয়মিত নেতিবাচক এসব ঘটনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে পড়ছে। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে। দল হিসেবে বিএনপিও পড়ছে নানা সমালোচনা ও প্রশ্নের মুখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশনাও উপেক্ষিত হচ্ছে।
রাজনৈতিক ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, প্রায়ই ছোট-বড় নানা বিষয় নিয়ে খুনের মতো ঘটনা ঘটছে। এটা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সরকারকে এসব ঘটনার রাশ টানতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়- এমন সব বিষয়ে কঠোর হতে হবে। প্রতিটি ঘটনায় আইনের সঠিক প্রয়োগ করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি করা যাবে না।
তারা বলছেন, এভাবে চলতে থাকলে দল হিসেবে বিএনপি একটি ভয়ের নাম-বস্তুতে পরিণত হবে। কারণ, দলের মধ্যে যত বেশি বিশৃঙ্খলা চলবে, খুনোখুনি বাড়বে তাতে করে সাধারণ মানুষ ও সাধারণ নেতাকর্মীদের মধ্যে ভুল বার্তা যাবে। দলটিকে মানুষ আতঙ্ক মনে করবে। আবার সরকারও দেশ-বিদেশে নানা প্রশ্নের মুখে পড়বে। এজন্য সরকারকে এসব জায়গায় কঠোর হতে হবে।
ভাড়াটে খুনি দিয়ে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে হত্যা:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাপাতিসহ তিন ‘ভাড়াটে খুনিকে’ আটক করা হয়েছে। পুলিশের দাবি, হত্যার মিশন বাস্তবায়নে তাদের ঢাকা থেকে ভাড়া করে আনা হয়েছিল। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন সদর বেরিবাঁধ এলাকায় জাহাঙ্গীর আলমের নিজ বাসভবনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। হামলায় তার সঙ্গে থাকা হাদিস মিয়া গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, আটক তিনজনই স্থানীয় বাসিন্দা নন। তারা হলেন-বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. হেলাল (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের মো. মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন বাজারে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকে ওঁত পেতে থাকা তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে গেলে হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীদের একজনকে ধরে ফেলেন হাদিস মিয়া। গুরুতর আহত জাহেদুল আলম জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, আহত জাহাঙ্গীর ও হাদিস মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থলেই চাপাতিসহ একজনকে আটক করা হয়। পরে করিমগঞ্জের বালিখোলা এলাকা থেকে অভিযান চালিয়ে আরও দুই সন্দেহভাজনকে আটক করা হয়। হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, আটক হওয়া আসামিরা কেউ এই এলাকার বাসিন্দা নয়। তারা ঢাকা থেকে এসেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তাদের হায়ার (ভাড়া) করে এই হত্যাকাণ্ডের জন্য আনা হয়েছে। ওসি আরও বলেন, হত্যার মূল কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত শহীদ উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় তেঁতুলতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আটকরা হলেন- মো. আরশাদ ওরফে আকাশ (২৪) ও মো.সাজ্জাদ হোসেন আকাশ (১৯)। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া।
এর আগে, বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়।
কেকে/এলএ