চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত কয়েকজন নেতা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠেন অর্থমন্ত্রী। এ সময় অতিরিক্তসংখ্যক নেতা-কর্মী, অতিথি ও স্থানীয় ব্যক্তিরা মঞ্চে উঠে পড়লে অতিরিক্ত চাপে সেটি ধসে যায়। এতে অর্থমন্ত্রীসহ মঞ্চে থাকা সবাই নিচে পড়ে যান।
এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এবং বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ কয়েকজন নেতা নিচে পড়ে যান। তবে তারা সবাই নিরাপদে উঠে আসেন এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার পর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী অর্থমন্ত্রী সাতকানিয়ার উদ্দেশে রওনা দেন।
এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, মন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে সেটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
ত্রাণ নিতে গিয়ে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, মন্ত্রী চলে যাওয়ার পর হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি তার জানা নেই। কারণ তখন তিনি ঘটনাস্থল ত্যাগ করেছিলেন।
কেকে/ এমএস