নরসিংদীর রায়পুরা উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে ছয় কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বিয়ে বাড়িতে বেড়াতে এসে বিলের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার একই উপজেলার পৃথক স্থানে খালে গোসল করতে নেমে প্রাণ হারায় আরও চার মাদরাসাছাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। লামিয়া স্থানীয় একটি মাদরাসার এবং জান্নাতি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে লামিয়া। পরে জান্নাতির সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতির দাদা আবুল কালাম বলেন, তার নাতনি ও বেড়াতে আসা অপর শিশুটি একসঙ্গে বিলে গোসল করতে নেমেছিল। সেখানেই তারা পানিতে ডুবে মারা যায়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা জানান, বেলা ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।
উলেখ্য, বৃহস্পতিবার উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি খালে গোসল করতে নেমে চার মাদরাসাছাত্রী—তাবিয়া, জান্নাত, সুমাইয়া ও আয়েশা—পানিতে ডুবে মারা যায়।
কেকে/ এমএস