নাটোরের বাগাতিপাড়া ও ময়মনসিংহের গফরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। আনসার সদস্যদের সরলতার সুযোগ নিয়ে এবং দু-একটি বক্তব্যকে কাটছাঁট ও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়ানো হচ্ছে উদ্দেশ্যেমূলক প্রোপাগান্ডা। তবে বিষয়টি ইতোমধ্যে বাহিনীর নজরে এসেছে এবং বাহিনী এ ধরনের নেতিবাচক অপপ্রচার বিরুদ্ধে আপোসহীন অবস্থান পুনর্ব্যক্ত করছে।
শুক্রবার (১৭ জুলাই) গণমাধ্যমকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়।
বার্তা বলা হয়, অনাকাঙ্ক্ষিত এসব প্রোপাগান্ডা সত্ত্বেও মাঠপর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিষ্ঠা এবং পেশাদারিত্বে কোনো ঘাটতি পড়েনি। অনভিপ্রেত অপপ্রচারের মুখোমুখি হয়েও অন্যায়ের বিরুদ্ধে বাহিনীর সদস্যদের এই শক্ত অবস্থান ও আন্তরিক সেবার ফলে সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মাঝে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গণ-আস্থা ও বিশ্বাস ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।’
‘এই ক্রমবর্ধমান আস্থার বড় উদাহরণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সবকয়টি স্টেডিয়াম ও স্থাপনার দীর্ঘমেয়াদী নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীকে দিয়েছে এবং চুক্তি করেছে। সম্প্রতি একটি ভাইরাল পডকাস্টে বিসিবির পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের সক্ষমতার প্রশংসা করেন এবং তাদের দায়িত্ব পালনে গভীর সন্তোষ প্রকাশ করেন।’
বার্তায় আরও বলা হয়, গেল ১২ জুলাই নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংরক্ষিত স্থানে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এক ব্যক্তির মোটরসাইকেল রাখা নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটে।সেখানে দায়িত্বরত আনসার সদস্য তাকে নির্ধারিত স্থানে মোটরসাইকেল রাখতে নিষেধ করলেও তিনি তা সম্পূর্ণ অমান্য করে জবরদস্তিমূলকভাবে সেখানে গাড়িটি রেখে চলে যান। পরবর্তী ফিরে আসলে নিষেধ করার কারণ জানতে চাওয়ায় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে এবং নিজেকে হাসপাতালের মিথ্যা স্টাফ পরিচয় দিয়ে দায়িত্বরত আনসার সদস্যকে হুমকি দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তায় অভিযুক্ত ব্যক্তি আনসার সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করলে বিষয়টি সমাধান হয়ে যায়।’
‘চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের ৫০০টি উপজেলায় ৫ হাজার আনসার সদস্য নিয়োজিত হয়ে চিকিৎসক ও হাসপাতালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তবে এতে ক্ষুব্ধ হয়ে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও দালাল চক্রের সমন্বয়ে একটি স্বার্থান্বেষী অপরাধী চক্রের প্ররোচনায় কিছু কথিত ভিউ ব্যবসায়ী এবং অনুমোদনহীন স্থানীয় গণমাধ্যম একটি সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে।
‘বাহিনীর কিছু সদস্যের বক্তব্যকে বিকৃত করে মূল ঘটনাকে ঘটনাকে আড়াল করে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বার্থান্বেষী মহলের এহেন অপপ্রচারের অপচেষ্টা সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। হাসপাতাল, চিকিৎসক ও সেবাগ্রহীতাদের সুরক্ষা, দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও স্থানের নিরাপত্তাসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই সুশৃঙ্খল ও পেশাদার বাহিনীর বিরুদ্ধে চালানো কোনো মিথ্যাচারই জনগণের আস্থা ভরসাকে দমাতে পারেনি।’
‘সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার জাল ছিন্ন করে দেশ ও মানুষের কল্যাণে আনসার ও ভিডিপির বিস্তৃত নেটওয়ার্কের ন্যায্য ও আপসহীন অবস্থানের কারণে বাহিনী গণমানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে। নিজেদের গৌরবময় ইতিহাস ধরে রেখে, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকতে এই সুবৃহৎ বাহিনী সর্বদা অঙ্গীকারাবদ্ধ।’
কেকে/এমএ