কিশোরগঞ্জের নিকলীতে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া মোনায়েম (১৫) নামের এক কিশোরের মরদেহ প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ তল্লাশির পর রাত ৯টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোনায়েম উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও ধারণ করতে নানশ্রী ব্রিজ এলাকায় যায় মোনায়েম। ভিডিওকে আকর্ষণীয় করতে তিনি ব্রিজের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। পরে সেখান থেকে নিচের পানিতে লাফ দেওয়ার চেষ্টা করলে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের পানিতে পড়ে যান এবং মুহূর্তেই পানির নিচে তলিয়ে যান।
ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সমন্বয় করে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানিতে তল্লাশি শুরু করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নানশ্রী ব্রিজ এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। নিখোঁজ কিশোরের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন এবং দ্রুত তাকে উদ্ধারের আহ্বান জানান। তবে প্রায় ৯ ঘণ্টার অভিযান শেষে রাত ৯টা ৪৫ মিনিটে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে কিশোরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
কেকে/এলএ