প্রতিভা, সৃজনশীলতা ও সামাজিক অবদানকে স্বীকৃতি দিতে শিশুদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড সিজন-২’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কিডলন ও টুইম্বলের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিশুদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিশু সাংবাদিকতা, সামাজিক অবদান, কনটেন্ট ক্রিয়েটর, চিত্রাঙ্কন, উদ্যোক্তাসহ ১২টি বিভাগে ১২ জন প্রতিভাবান শিশুদের ‘কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগে আরও ৩৬ জন শিশুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
এবারের আয়োজনে শিশু সাংবাদিকতা বিভাগে সম্মানজনক এ অ্যাওয়ার্ড অর্জন করেছেন নীলফামারীর শিশু সাংবাদিক ও সমাজকর্মী মাহমুদ হাচান।
মাহমুদ হাচান নীলফামারীর ডোমারে বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিশু অধিকার, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুস্বাস্থ্য, শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করায় তার কর্মকান্ড সর্বজনীন প্রশংসনীয়। বর্তমানে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ‘হ্যালো’তে শিশু সাংবাদিকের কাজ করছেন।
মাহমুদ হাচান বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। শিশুদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করতে এই অর্জন আমাকে নতুন উদ্দীপনা দেবে।’
কেকে/এমএ