সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: সাইফুজ্জামানের বাসায় চলছে দুদকের দ্বিতীয় দিনের অভিযান      পল্লবী থানার মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ গ্রেপ্তার      হাজার কোটির ঝুট-ওয়েস্ট ব্যবসা : ভালুকার এমপি বাচ্চুকে শোকজ      শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      আর্জেন্টিনার হারের ধাক্কায় হৃদরোগে প্রাণ গেল দুই সমর্থকের      সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন      হাম উপসর্গে সিলেটে আরও তিন শিশুর মৃত্যু      
খোলাকাগজ স্পেশাল
কাঁচা টাকার নেশায় মত্ত ৩ নিয়ন্ত্রক
হাজার কোটির ঝুট-ওয়েস্ট ব্যবসা : ভালুকার এমপি বাচ্চুকে শোকজ
শাহ মোহাম্মদ রনি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ২০.০৭.২০২৬ ২:৪৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় শিল্পকারখানার হাজার কোটি টাকার ঝুট এবং ওয়েস্ট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছে। কাঁচা টাকার এ ব্যবসা নিয়ে প্রায়ই হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খোদ সরকার দলের নেতা-কর্মী ও সমর্থকরা মহাসড়কে শোডাউন করেন। জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন মহাসড়কের স্কয়ার মাস্টার বাড়ি থেকে হাজীর বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক অনিরাপদ হয়ে পড়েছে। এদিকে ভালুকায় ঝুট এবং ওয়েস্ট ব্যবসার দ্বন্দ্ব নিয়ে কেন্দ্রীয় বিএনপি গত শনিবার (১৮ জুলাই) এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ করে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চাঙা ভাব তৈরী হয়েছে বাচ্চু বিরোধী শিবিরে। অন্যদিকে ভালুকায় ঝুট এবং ওয়েস্ট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নিয়ন্ত্রকরা প্রভুদের সঙ্গে প্রায়ই ঢাকার উত্তরা, গুলশান ও বনানীতে বৈঠক করেন। লেনদেন হয় কোটি কোটি টাকা। তার পরও থামছে না দ্বন্দ্ব।

জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে ভালুকা আসনের এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় বিএনপি। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় পড়ে যায়। তার বিরোধী শিবিরে চলে আনন্দ-উল্লাস। সূত্র মতে, বাচ্চুর বিরুদ্ধে এমপি নির্বাচিত হওয়ার পর ঝুট এবং ওয়েস্ট ব্যবসা নিয়ন্ত্রণ, নিজের, পরিবারের সদস্য ও আত্মীয়দের অনিয়ম, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অবস্থান এবং হামলার অভিযোগ ছিল হাইকমান্ডের কাছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড পর্যালোচনা করে এমপি বাচ্চুর কাছ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এরই মধ্যে শোকজের জবাব প্রদান করেছেন বলে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় দৈনিক খোলা কাগজকে জানিয়েছেন।

শোকজের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। অভিযোগের বিষয়ে বাচ্চুকে ৪৮ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। জবাব সন্তোষজনক না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র মতে, অতীতেও ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে বিএনপির টানাপোড়েন সম্পর্ক ছিল। ৫ আগস্ট পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তাকে বহিষ্কার করা হয়েছিল। অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করায় ২০২৫ সালের ২৪ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বাচ্চুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালুকায় বিএনপির প্রার্থী করা হয়েছিল। নির্বাচিত হওয়ার ৫ মাসের মাথায় আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে তাকে শোকজ করায় বিএনপির ভেতর নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র জানায়, ভালুকায় বর্তমানে ঝুট এবং ওয়েস্ট ব্যবসার নিয়ন্ত্রক এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ (বাউন্ডারী শহীদ) ও বিএনপির বহিষ্কৃত ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম। তাদের সবারই আলাদা আলাদা গ্রুপ রয়েছে। এর মধ্যে শহীদ ও মোর্শেদের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্ক অনেক গভীর। তারাই ২ জনের রক্ষা কবজ। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ভালুকায় একাধিক শিল্পকারখানা রয়েছে। অধিকাংশই বনের জমি জবরদখল করে প্রতিষ্ঠা করা। অন্যদিকে ৫ আগস্ট থেকে নির্বাচনের আগে পর্যন্ত এমপি বাচ্চুর লোকজন ছোট পরিসরে ঝুট এবং ওয়েস্ট ব্যবসা করতো। এমপি নির্বাচিত হওয়ার পর বাচ্চু, তার পরিবারের সদস্য, কাছের আত্মীয় ও অনুসারীরা ৭০ ভাগ ব্যবসার নিয়ন্ত্রণ নেয়।

জানা যায়, ৫ আগস্টের পর ভাগাভাগি করে ভালুকার ৩ শতাধিক শিল্পকারখানার ঝুট এবং ওয়েস্ট ব্যবসার নিয়ন্ত্রণ নেন বাউন্ডারী শহীদ ও মুহাম্মদ মোর্শেদ আলম। এর আগে দীর্ঘ দেড় যুগ আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ভালুকায় ঝুট এবং ওয়েস্ট ব্যবসা নিয়ন্ত্রণ করেন বাউন্ডারী শহীদ। তার বিরুদ্ধে বন বিভাগসহ নিরীহ লোকজনের জমি জবরদখলের পর বিভিন্ন শিল্পকারখানার মালিককে বাউন্ডারী করে বুঝিয়ে দেওয়ার শতাধিক ঘটনা রয়েছে। আওয়ামী লীগের মদদে এ ব্যবসা করে তিনি হাজার কোটি টাকার মালিক। এক সময়ের দরিদ্র বাউন্ডারী শহীদ এখন মাফিয়া ডন। একইভাবে ভালুকার বিভিন্ন শিল্পকারখানার মালিককে সহযোগিতা ও ঝুট এবং ওয়েস্ট ব্যবসা নিয়ন্ত্রণ করে সাবেক ইউপি চেয়ারম্যান বহিষ্কৃত বিএনপি নেতা মুহাম্মদ মোর্শেদ আলমও হাজার কোটি টাকার মালিক হয়েছেন।

সূত্র জানায়, ভালুকায় চারলেন মহাসড়কের দু’পাশে এবং আশপাশ এলাকায় থাকা বিভিন্ন ধরনের ৩ শতাধিক শিল্পকারখানার ঝুট এবং ওয়েস্ট ব্যবসা নিয়ন্ত্রণ করে বিএনপি ও আওয়ামী লীগের অনেকেই এখন হাজার কোটির টাকার মালিক। পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে আওয়ামী লীগ ও বিএনপি মিলেমিলে এ ব্যবসা নিয়ন্ত্রণ করতো। এখন পুরো ব্যবসার নিয়ন্ত্রণ বিএনপির ৩ গ্রুপের হাতে। কাঁচা টাকার নেশায় মত্ত হয়ে পড়েছেন ঝুট এবং ওয়েস্ট ব্যবসার নিয়ন্ত্রকরা। ৫ আগস্টের পর তাদের হাতে এ ব্যবসার নিয়ন্ত্রণ যাওয়ার পর আধিপত্য নিয়ে গত ২৩ মাসে কমপক্ষে ১০ দফা হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন অর্ধশত নেতা-কর্মী ও সমর্থক।

জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভালুকায় ঝুট এবং ওয়েস্ট ব্যবসার চিত্র পাল্টে যায়। কাঁচা টাকার নেশায় মত্ত হয়ে উঠে বিএনপির কয়েক নেতা। এর আগে দীর্ঘ দেড়যুগ আওয়ামী লীগের সিন্ডিকেট বিএনপির চিহ্নিত নেতাকে সঙ্গে নিয়ে ঝুট ব্যবসা চালাতো। দেড় বছর আগে ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী হার্ডলাইনে যায়। জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন মহাসড়কের ভালুকা অংশের দীর্ঘ ২৩ কিলোমিটার সড়কের উভয় প্রান্তের শিল্পকারখানা এলাকায় বাড়ানো হয়েছিল সেনাবাহিনীর টহল। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। সূত্র মতে, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর ঝুট এবং ওয়েস্ট ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির ২ গ্রুপে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন ১৫ জন। তাদের ২ জনের অবস্থা এখনো গুরুত্বর। হামলা চালানো হয় অসংখ্য দোকানে। পুড়িয়ে ফেলা হয়েছিল ১৩টি মোটরসাইকেল। মামলা দিয়ে নাস্তানাবুদ করা হয় দলীয় নেতা-কর্মীদের।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঝুট ওয়েস্ট   ব্যবসা   বিএনপি   শোকজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close