লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব। আমরা ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে বরাদ্দ দিয়েছি।’
সোমবার (২০ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা ও সংবর্ধনা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পানির ফিল্টার, ফলজ ও বনজ গাছের চারা, সিলিং ফ্যান, শিক্ষার্থীদের জন্য বেঞ্চ, অস্বচ্ছল ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে চাইল্ড ফ্যাসিলিটিস কিট বক্স’ অসহায় ও অস্বচ্ছল কৃষকদের মাঝে ‘কীটনাশক স্প্রে মেশিন’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ রুবেল, গোবর্ধন ইসমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আদিতমারী আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী পূজা রানী প্রমুখ।
প্রধান অতিথির ব্ক্তব্যে অনুষ্ঠানে রোকন উদ্দিন আরও বলেন, ‘আপনারা জানেন, বিগত দিনে দীর্ঘ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে মেধা ও শিক্ষাব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন আমরা যদি এই মেধাকে প্রাধান্য না দেই, তাহলে দেশ ভালভাবে গড়ার কোন সুযোগ থাকবে না। এ জন্য বিএনপি সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে।’
‘শিক্ষার প্রথম পর্যায় হল ফাউন্ডেশন প্রাথমিক শিক্ষা। একটি বিল্ডিংয়ের যেমন ফাউন্ডেশন ভাল না হলে বিল্ডিং যেমন ভাল হয় না, তেমনি প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভাল না হলে লেখাপড়া ভাল হয় না। এ জন্য সরকার শিক্ষার জন্য মেধাকে সর্বোচ্চ অধিকার দিয়েছে।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের সময় মেধাকে নষ্ট করে দিয়ে ছাত্র-ছাত্রীরা নকল করে পাশ করত। ২০০১ বিএনপি ক্ষমতায় এসে নকলকে কোরবানি দিয়ে নকলমুক্ত পরীক্ষা হয়েছিল, যার প্রমাণ আজকের বিএনপি সরকার।’
অভিভাবকদের উদ্দেশ্য রোকন উদ্দিন বলেন, ‘আপনাদের ছেলে-মেয়েকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আপনার পরিশ্রম ও অর্থ বিফলে যাবে। এ জন্য সন্ধ্যা হলে দেখবেন, আপনার সন্তানটি পড়ার টেবিলে বসছে কিনা। তাদের প্রতি খেয়াল ও দৃষ্টি রাখবেন।
কৃষকদের উদ্দেশ্য রোকন বাবুল বলেন, আমাদের সরকার কৃষিবান্ধব। আমাদের দল প্রতিষ্ঠালগ্নে ক্ষমতায় ছিল দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমান, সে সময়ে বৃক্ষরোপণ করেছিল। আজকে দেখেন রাস্তার দুই ধারে বড় বড় গাছপালা সবাই তার আমলে রোপণ করা। একসময় দেশে দুর্ভিক্ষ ছিল, তিনি সেটা কাটিয়ে চীন থেকে প্রযুক্তি এনে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল।'
‘খাল খননও তার আমলে হয়েছিল। পরবর্তী সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া সেই কর্মসূচির চলমান রেখেছিল। তারই উত্তরসূরী তারেক রহমান সেই কাজের ধারাবাহিতা রক্ষা করে চলছে, পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে। এ দুটি কার্ডের সুবিধা যদি দেশবাসীকে দিতে পারি, তাহলে দেশ নিঃসন্দেহে হবে স্বাবলম্বী ও স্বনির্ভর।’
কেকে/এমএ