কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাইওয়ে পুলিশের এক কনস্টেবল। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানের ওপর ধানের খোসাবোঝাই একটি ট্রাক উল্টে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল পারভেজ মিয়া (৩০)।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। দায়িত্ব পালন করতে গিয়ে এ দুর্ঘটনায় তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হওয়ার খবর পায় ভৈরব হাইওয়ে পুলিশ। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনার জন্য হাইওয়ে পুলিশের একটি দল পিকআপ ভ্যান নিয়ে রওনা হয়।
পুলিশের দলটি কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকার বিষয়টি নজরে আসে। পরে চালক সড়কের পাশে নিরাপদ স্থানে পিকআপটি থামিয়ে চাকায় বাতাস নেওয়ার ব্যবস্থা করেন। এ সময় পিকআপ ভ্যানের ভেতরে অবস্থান করছিলেন কনস্টেবল পারভেজ মিয়া।
এরই মধ্যে পেছন দিক থেকে একটি মালবোঝাই ট্রাক দ্রুতগতিতে ওই সড়ক দিয়ে আসছিল। ট্রাকটিতে ধানের খোসা বোঝাই ছিল বলে জানা গেছে। এ সময় ট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
একপর্যায়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপ ভ্যানের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ট্রাকটি সরিয়ে তার নিচ থেকে কনস্টেবল পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “পিকআপের চাকায় বাতাস নেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই মারা যান।”
তিনি আরও বলেন, কনস্টেবল পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস