টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। প্রতিদিন দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং অস্বাস্থ্যকর পরিবেশে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্কুলে পড়তে আসা শিক্ষার্থী, শিক্ষকসহ পথচারীদের নিত্যসঙ্গী এখন দুর্গন্ধ। শুধু দুর্গন্ধই নয়, এই ময়লার ভাগাড় থেকে ছড়াচ্ছে রোগজীবাণুও।
সরেজমিনে দেখা যায়, ধনবাড়ী উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার, ধনবাড়ী পল্লী বিদ্যুৎ অফিস, জেলা পরিষদ ডাকবাংলো, ধনবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ময়লার ভাগাড়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাশে ময়লা ফেলা হচ্ছে। ফলে সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শ্রেণিকক্ষের জানালা খোলা রাখলে দুর্গন্ধে পাঠদান ব্যাহত হয়। অনেক শিক্ষার্থী নাক চেপে স্কুলে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নোহান ও মো. সোয়াদ জানায়, ময়লার দুর্গন্ধে তারা ঠিকমতো ক্লাস করতে পারে না। মাঠে খেলাধুলা করতেও কষ্ট হয়। উৎকট গন্ধে মাঝেমধ্যে তাদের বমি হয়। ফলে অনেকেই স্কুলে আসতে চায় না।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার বলে, এই দুর্গন্ধে দরজা-জানালা বন্ধ করেও নাক চেপে ক্লাস করতে হয়। ক্লাসে মনোযোগ ধরে রাখা যায় না।
অভিভাবকদের অভিযোগ, ময়লা-আবর্জনার কারণে স্কুলের শিক্ষার্থীরা টিফিনের সময় খেলাধুলা করতে পারে না। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তাই স্কুল কর্তৃপক্ষও চাইছে, ভাগাড়টি সেখান থেকে সরিয়ে পরিবেশ সুন্দর করা হোক। পৌর প্রশাসন ময়লা-আবর্জনা অপসারণে দ্রুত ব্যবস্থা নিক।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ভাগাড়ের প্রচণ্ড দুর্গন্ধে ক্লাস নেওয়া যায় না। ফলে স্কুলে বাচ্চাদের অনুপস্থিতির হার বেড়েছে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ প্রয়োজন। অন্যথায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ধনবাড়ী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের চালাষ এলাকাতেও একই অবস্থা।
ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মো. আশরাফুল আলম বলেন, আমাদের বিদ্যালয়ে ৩৩১ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ময়লার স্তূপের দুর্গন্ধে বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ সময়ে তো বটেই, রোদ ও গরমের মধ্যে দুর্গন্ধের প্রকোপ আরও বেড়ে যায়। আমরা দ্রুত এর সমাধান চাই।
স্থানীয় বাসিন্দা ও ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহাব্বত বলেন, আমি সবসময় এই সড়ক দিয়েই চলাচল করি। এই ময়লার ভাগাড় থেকে খুব দুর্গন্ধ ছড়ায়। ময়লাগুলো যদি এখান থেকে সরানো হতো, তাহলে আমাদের এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে আর কষ্ট হতো না।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান বলেন, ময়লা-আবর্জনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে বায়ুদূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি হয়। এ কারণে জন্ডিস, টাইফয়েড ও ডায়রিয়াসহ নানা রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। বিশেষ করে কোমলমতি শিশুদের ক্ষেত্রে এর প্রভাব বেশি হতে পারে।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ধনবাড়ী পৌর প্রশাসক দিল আফরোজ বলেন, বিদ্যালয়ের পাশে ময়লা ফেলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস