রাজধানীর মোহাম্মদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এ মিছিল ও সমাবেশ করা হয়।
মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আলী কায়সার পিন্টুর নেতৃত্বে মিছিলটি বের হয়।
পরে সমাবেশে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে আলী কায়সার পিন্টু বলেন, ‘জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের আন্দোলন ছিল না; এটি ছিল দেশের মানুষের সম্মিলিত আন্দোলন।’
তিনি দাবি করেন, আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন। তাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দল দাবি করতে পারে না।
আলী কায়সার অভিযোগ করেন, নাসিরুদ্দিন পাটোয়ারী ধারাবাহিকভাবে বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আলী কায়সার দাবি করেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।
‘দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবেন।’
তিনি তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য না করার আহ্বান জানান।
সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলন ছিল দেশের মানুষের সম্মিলিত গণআন্দোলন। এ আন্দোলনকে কোনো ব্যক্তি বা দলের একক অর্জন হিসেবে উপস্থাপনের চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল।’
মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাবু ও ইব্রাহিম মৃধা, ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা সেলিম রাজা, ৩২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা আনোয়ার হোসেন হানিফ, ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা বিল্লাল হোসেন মালদার, ২৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা মো. মো.রাসেল, ওমর ফারুক প্রমুখ।
কেকে/এমএ