জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ দলীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল তাইয়ান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. কবির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি হাফেজ রাকিব হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমান ও পৌর সেক্রেটারি মো. নুরুল আলম। এ সময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে ভিন্নধারার শাসনব্যবস্থা অনুসরণ করছে। তারা আরও দাবি করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আওয়ামী স্টাইলের হেলমেট বাহিনী তৈরি করে প্রতিষ্ঠান দখলের চেষ্টা করছে। নির্বাচিত ছাত্রনেতৃবৃন্দের ওপর হামলা করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পুঙ্গুত্ববরণকারীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান। এসব দাবি বাস্তবায়নে সরকার গড়িমসি করলে বা আওয়ামী লীগের শাসনামলের মতো স্বৈরাচারী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
কেকে/সাশ