মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাওয়াদীঘি হাওরের আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওরপাড়ের কৃষকরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন আ স ম ছালেহ সোহেল, এম খছরু চৌধুরী, অ্যাডভোকেট হুমায়ূন রশীদ সুয়েব, সাদিয়া নোশিন চৌধুরী, প্রফেসর মো. সেলিম, কৃষক নেতা সুলেমান মিয়া, সামছুদ্দিন মাস্টার, মো. খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, মো. ফজলুর রহমান, সিপিবি নেতা জহুর লাল দত্ত, কয়েছ মিয়া, একাটুনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রুমেল আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে বলেন, মনু প্রকল্পের পাম্প দিয়ে নিয়মিত পানি নিষ্কাশন হওয়ার কথা। কিন্তু প্রকল্পের ৮টি পাম্প নানা অজুহাত দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এতে কয়েক হাজার হেক্টর আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে আছে। জলাবদ্ধতার কারণে আমনের চারা জমিতে রোপন করতে যাচ্ছে না। সময়মতো চারা রোপন করতে না পাড়লে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশন করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন কৃষকরা। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
কেকে/ এআই