যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিসহ হাজার হাজার উৎসুক জনতা বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু প্রমুখ।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে বিএনপি কেশবপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ।
বিকালে জামায়াতে ইসলামীর উদ্যোগে কেশবপুর পাবলিক ময়দানে সমাবেশ শেষে শহরে বিভিন্ন সড়কে মিছিল করেছে।
কেকে/এমএ