কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঝিড়াপাড়া এলাকার প্রবাসফেরত অটোরিকশাচালক শফিকুল ইসলাম হত্যা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ঝিড়াপাড়া এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং নারী-পুরুষসহ বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের তদন্তকে একটি স্বার্থান্বেষী মহল ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এতে প্রকৃত অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, তদন্তের স্বার্থে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং একই সঙ্গে প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। মিছিলটি ঝিড়াপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শফিকুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচার, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। কর্মসূচি থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, “মানববন্ধনের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। এছাড়া শফিকুল ইসলাম হত্যা মামলাটির তদন্ত বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) করছে। প্রায় ১০-১২ দিন আগে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তাই তদন্ত বা মামলার অগ্রগতি সম্পর্কে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”
উল্লেখ্য, গত ২৭ জুন পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও পরিবারের অভিযোগ, ঘটনায় জড়িত আরো কয়েকজনের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নিহত শফিকুল ইসলাম কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়াপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
কেকে/সাশ