কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে জমানো নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মুহূর্তের মধ্যেই তা বসতঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. খোকন মিয়া জানান, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সমিতি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সঙ্গে নিজের সঞ্চিত এক লাখ টাকাসহ মোট চার লাখ টাকা ঘরে রাখা ছিল। অগ্নিকাণ্ডে সেই নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার, ধান-চাল ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
গোপালনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে খোকন মিয়ার বসতঘর ও রান্নাঘরসহ সবকিছু পুড়ে গেছে। নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পরিবারটি চরম দুর্দশায় পড়েছে।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। পাশাপাশি সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
কেকে/ এআই