বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ এ দেশের অসংখ্য মানুষকে গুম করলো খুন করলো, অসংখ্য মানুষকে পঙ্গু করলো। একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়ালো, তাদের কোন অনুশোচনা দেখা গেলো না। শুধু দল ভারি করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ কারো করা উচিত হবে না।’
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজের মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা মনে করি না আওয়ামী লীগ এখনই রাজনীতিতে আসুক। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে, তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল, গুম হওয়া সকলে ফিরে আসেনি এখনো।’
তিনি সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটা সরকার যত সামাল দিবে বাংলাদেশ ততো সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সংসদের ভিতরে অবশ্যই সহযোগিতা করছি যেখানে সহযোগিতা করা দরকার, আর যেখানে বিরোধিতা করা দরকার সেখানে বিরোধিতা করছি।’
জুলাই সনদ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘এখনো আমরা দুই মেরুতে আছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোন অবস্থাতেই অপমান করতে দেয়া হবে না।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরের সংসদে বিরোধীদলের ভূমিকা বিষয়ে তিনি বলেন, ‘এক সময় সংসদে মারামারি হয়েছে। ফাইল ছুড়ে মারা হয়েছে। একে অন্যের দিকে তেড়ে গেছে। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকে বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক। এটা আমরা অব্যাহত রাখব। কোন উস্কানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসবো না।’
বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম প্রমুখ।
কেকে/এআই