গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে এক পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোররাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাচলটিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাত দল প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৯০ হাজার টাকা, একাধিক স্মার্ট ফোন, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬-৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে হামলা করে। তাদের মধ্যে ৪-৫ জন ঢেঁকি দিয়ে কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বাকিরা বাইরে অবস্থান নেয়। পরে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, কাপড়চোপড়, মূল্যবান কাগজপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
প্রতিবেশি নজরুল ইসলাম বলেন, ‘গভীর রাতে দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। ডাকাতরা ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।’
গোসিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন বলেন, ‘ডাকাতির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেকে/এআই