নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) এবং তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।
জানা যায়, নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় রাজশাহীগামী আর আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আব্দুর রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় আক্কাস আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর নামে আরও একজন মারা যান। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হয়নি।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কেকে/এআই