“চলনবিল বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি। এর প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও ঐতিহ্যকে ঘিরে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা হলে দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।”
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত সভায় বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী।
প্রধান অতিথির বক্তব্যে সভায় আফরোজা খানম আরও বলেন, “চলনবিলকে কেন্দ্র করে আধুনিক পর্যটনকেন্দ্র নির্মাণের পাশাপাশি যোগাযোগব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তা, আবাসন ও বিনোদন সুবিধা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলনবিলের সৌন্দর্যকে দেশবাসীর সামনে তুলে ধরাই হবে অন্যতম লক্ষ্য।”
সভায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক বলেন, “চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০০ বিঘা জমিতে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
সভায় আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির প্রমুখ।
কেকে/সাশ