মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশি এক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া (২০) একই উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তারা মিয়াসহ চার থেকে পাঁচজন বাংলাদেশি চোরাকারবারির একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি আনতে আলীনগর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ৫০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের মাগুরুলি ক্যাম্পের টহল দল গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই মারা যান। তবে তার সহযোগীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসতে সক্ষম হয়।
মাগুরুলি সীমান্ত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ রোববার (৯ আগস্ট) জানান, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তার স্বজনেরাও বিষয়টি স্বীকার করেছেন। তারা মিয়ার লাশ বিএসএফ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে তারা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে। নিহত তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে কুলাউড়া থানায় মামলা রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ১২ জুন একই উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মুজিব আলী (২০) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হন। পরে বিএসএফ স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়।
কেকে/ এমএস