কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছুরিকাঘাতে জাকির হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ছয় মাস আগে প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে সংসারের দেখভাল করছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর জাকির হোসেন চাতল এলাকার মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় মাছ ধরতে বের হন। কয়েক ঘণ্টা পর বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এক নিকটাত্মীয় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার বুকের মধ্যে ছুরিবিদ্ধ অবস্থায় ছিল।
ওই নিকটাত্মীয়ের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন হান্নান মিয়া বলেন, “জাকির সন্ধ্যার পর মাছ ধরতে বিলে গিয়েছিল। কয়েক ঘণ্টা পর বাড়ির পেছনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার বুকের মধ্যে ছুরিবিদ্ধ ছিল। এ ঘটনায় আমরা হতবাক। কারা এবং কেন তাকে হত্যা করেছে, তা আমরা জানি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই।”
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “ছুরিবিদ্ধ অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কেকে/সাশ