মাদারীপুরের ঐতিহ্যবাহী আড়িয়াল খাঁ নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষা এবং জড়িতদের কঠোর শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মাদারীপুর জেলা ছাত্রদল। স্মারকলিপি প্রদানকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুরের পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার (৯ আগস্ট) দুপুরে স্মারকলিপিতে জানানো হয়, গণমাধ্যমে নিউজ প্রচারের পর জানতে পারি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট আইন ও পরিবেশ নীতির তোয়াক্কা না করে আড়িয়াল খাঁ নদী থেকে অনবরত বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে নদীতীরবর্তী কৃষিজমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি চরম হুমকির মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করলেও কোনো স্থায়ী সমাধান না পাওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়—
১. আড়িয়াল খাঁ নদীতে সব ধরনের অবৈধ ড্রেজার চলাচল ও বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে।
২. বালু উত্তোলনে জড়িত সিন্ডিকেট, ব্যক্তি ও তাদের পেছনে থাকা পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
৩. নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. নদী সুরক্ষায় প্রশাসনিক তদারকি ও নিয়মিত অভিযান জোরদার করতে হবে।
৫. নদীর নাব্যতা ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকরী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
স্মারকলিপিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, জনস্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।
মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক কার্যালয় থেকে স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
কেকে/এলএ