প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শুধু কৃষক নয়, লবণ চাষিদের মাঝেও কৃষক কার্ড দেওয়া হবে। লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার।’
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সমুদ্র উপকূলে কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই সরকারের দায়িত্ব। চলতি অর্থবছরে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।’
বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব সমস্যার সমাধানে সময় লাগবে। তবে কিছু মানুষ এসব বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় এমন ব্যক্তিদের বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভ্রান্তিকারীরা যাতে কোনো সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে হবে।’
দেশে ঝগড়া-ফ্যাসাদ চলবে, নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘পেছনে পড়ে থাকার সুযোগ নেই। এখন সময় জনগণের ভাগ্যের পরিবর্তন করার।’ দেশের মানুষ বিভ্রান্ত না হয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এমএম/