খাল খননের কাজ শতভাগ সম্পন্ন করে বরাদ্দের অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আমন্ত্রণ পান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি।
সাক্ষাতে ঈশ্বরগঞ্জ উপজেলার আরও সাতটি খাল খননের গুরুত্ব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে ইউএনও সানজিদা রহমান বলেন, ‘খালগুলো খনন করা হলে কৃষি, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনে উপজেলার মানুষের উপকার হবে।’ এসব খাল খননের কাজ দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খাল খননের ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন জমি পড়লে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সানজিদা রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন বলে জানান তিনি।
এ ছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলার আইসিটি ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ইউএনও। এ সময় প্রধানমন্ত্রী উপজেলায় সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে যেকোনো বাধাকে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ইউএনও সানজিদা রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরেছি। বিশেষ করে আরও সাতটি খাল খননের প্রয়োজনীয়তার কথা জানিয়েছি। আশা করছি, দ্রুতই এসব খাল খননের কাজ শুরু হবে।’
তিনি বলেন, ‘খাল খননের সময় কোনো ব্যক্তির মালিকানাধীন জমি পড়লে তাকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি এ বিষয়ে একমত পোষণ করেছেন।’
সানজিদা রহমান আরও বলেন, ‘ঈশ্বরগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নকাজে যেকোনো বাধাকে অগ্রাহ্য করে কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।’
কেকে/ এমএস