‘করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না’—বিরোধী দলের এমন বক্তব্যকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের রাজনৈতিক ভাষার সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দল আবারও আগের মতো ভূমিকা পালন করতে শুরু করেছে।”
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল আরো বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র চার-পাঁচ মাস হয়েছে। এর মধ্যেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। বাপেক্সকে পুনরায় সক্রিয় করা হয়েছে এবং গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয়েছে। মধ্যপাড়া ও বড়পুকুরিয়া খনি চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।”
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, “ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানিতে বাংলাদেশের প্রায় চার বিলিয়ন ডলার অতিরিক্ত ক্ষতি হয়েছে। এরপরও দেশে একদিনের জন্য তেল-গ্যাস সরবরাহ বন্ধ হয়নি।
অল্প সময়ের মধ্যেই এ সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, “দীর্ঘদিনের ‘একদলীয় শাসন, ফ্যাসিজম ও স্বৈরাচারের’ পর দেশে নতুন সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।”
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “রংপুরসহ উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব কমবে।”
তবে রাজনৈতিক বিভাজনের কারণে রংপুর পিছিয়ে পড়েছে মন্তব্য করে উন্নয়নের স্বার্থে মানুষকে বাস্তবতা বুঝে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের সামাজিক কর্মসূচি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু হয়েছে। ঋণগ্রস্ত কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এ ছাড়া খাল খনন, ধর্মীয় নেতাদের সম্মানী এবং অসচ্ছল খেলোয়াড়দের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে।”
সুবিধাবঞ্চিতদের জন্য ২৫টি চা-ঘর হস্তান্তরকে ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “উদ্যোগটি ছোট মনে হলেও উপকারভোগীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।”
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুসফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/সাশ