সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      এসএসসি-সমমানে ৬৬৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস      রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় কাগজে ৫.৯৭ লাখ টাকার ক্রীড়াসামগ্রী, মাঠে শূন্য
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াসামগ্রী বিতরণের জন্য রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় তিনটি প্রকল্পে ৫ লাখ ৯৭ হাজার ৫৪২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে অর্থবছর শেষ হয়ে নতুন অর্থবছর শুরু হলেও উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পৌঁছেনি ফুটবল, হ্যান্ডবলসহ কোনো ক্রীড়াসামগ্রী। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা পরিষদের বরাদ্দসংক্রান্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী বিতরণে এডিপির আওতায় তিনটি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে এডিপি সাধারণ পিআইসি খাতে একটি এবং রাজস্ব উন্নয়ন স্থানান্তরিত পিআইসি খাতে দুটি প্রকল্প রয়েছে।

এডিপি সাধারণ পিআইসি খাতের আওতায় ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল ও হ্যান্ডবল বিতরণ’ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৯৭ হাজার ৫৪২ টাকা।

রাজস্ব উন্নয়ন স্থানান্তরিত পিআইসি খাতের আওতায় ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ’ প্রকল্পে ২ লাখ টাকা এবং ‘প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ’ প্রকল্পে আরও ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

অর্থাৎ তিন প্রকল্পে ক্রীড়াসামগ্রী কেনা ও বিতরণের জন্য মোট বরাদ্দ ৫ লাখ ৯৭ হাজার ৫৪২ টাকা।

তবে প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি জানতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানই এখনো কোনো ক্রীড়াসামগ্রী পায়নি।

একাধিক শিক্ষক ও প্রধান শিক্ষক জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরের এসব প্রকল্পের আওতায় তাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ফুটবল, হ্যান্ডবল কিংবা অন্য কোনো খেলাধুলার সামগ্রী পৌঁছেনি।

গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, “আমাদের প্রতিষ্ঠানে এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত কোনো ফুটবল, হ্যান্ডবল বা খেলাধুলার সামগ্রী দেওয়া হয়নি।”

গঙ্গাচড়া সিনিয়র আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. অলিউল্লাহ বলেন, “আমরা এখনো কোনো সামগ্রী পাইনি। কবে দেওয়া হবে, সে বিষয়েও আমাদের জানানো হয়নি।”

নগর বড়াইবাড়ী আলমবিদিতর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিন স্বপন বলেন, “আমাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোনো ক্রীড়াসামগ্রী আসেনি। যদি বরাদ্দের বিপরীতে সামগ্রী বিতরণ হয়ে থাকে, তাহলে আমাদের প্রতিষ্ঠানে তা পৌঁছায়নি।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, “স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে, ইউনিয়ন চেয়ারম্যান দিয়েছেন। তবে ফুটবল বা খেলাধুলার সামগ্রী বিতরণের বিষয়টি আমার জানা নেই।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ বলেন, “আমার কাছে লিস্ট চেয়েছিলেন। আমি লিস্ট দিয়েছি। এরপর এ বিষয়ে আমি কিছু জানি না।”

এলজিইডির উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল বলেন, “বিতরণ এখনো কমপ্লিট হয়নি। মাস্টাররোল এখনো হাতে পাইনি। মাস্টাররোল অনুযায়ী বিতরণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, “ক্রীড়াসামগ্রী এখনো বিতরণ করা হয়নি। আমরা এগুলো বিতরণ করব।”

প্রায় ছয় লাখ টাকা বরাদ্দের তিনটি প্রকল্পের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়ানো এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা। কিন্তু অর্থবছর শেষ হওয়ার পরও ক্রীড়াসামগ্রী বিতরণ না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিতরণ এখনো সম্পন্ন হয়নি। তবে বরাদ্দের অর্থের বিপরীতে ক্রীড়াসামগ্রী কেনা হয়ে থাকলে সেগুলো কোথায় রয়েছে, কী পরিমাণ কেনা হয়েছে এবং কেন এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছায়নি—এসব বিষয়ও স্পষ্ট হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রকল্পের ক্রয়প্রক্রিয়া, অর্থ ব্যয় ও বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক ও স্থানীয়রা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  এডিপি বরাদ্দ   ক্রীড়াসামগ্রী   গঙ্গাচড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close