পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের চারা উপহার দেন অধ্যক্ষ প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে প্রচলিত উপহারের পরিবর্তে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন অধ্যক্ষ। তার এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে। এ উদ্যোগ প্রমাণ করে শিক্ষা শুধু পাঠ্যবই ও পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মানবিকতা, সামাজিক দায়িত্ব ও পরিবেশ সচেতনতারও শিক্ষা দিতে পারে।
জানা যায়, এবারে প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। ‘এ’ গ্রেড পেয়েছে ৬৪ জন, ‘এ’ মাইনাস ২৮ জন, ‘বি’ ৬ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছে ২ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন এবং সাধারণ বিভাগ থেকে ১০ জন।
ইকবাল হোসাইন বলেন, ‘একজন শিক্ষার্থী শুধু ভালো ফল করবে—এটাই শেষ কথা নয়। তাকে ভালো মানুষ হতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে এবং দেশ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। এই ভাবনা থেকেই ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে পরিবশে বান্ধব গাছ উপহার দেওয়া।’
প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ বলেন, ‘শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের সাফল্যকে সমাজ ও পরিবেশের কল্যাণে কাজে লাগানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী এবং ৮৩ জন শিক্ষক-কর্মচারী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পাবনার শিক্ষা অঙ্গনে স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বিভিন্ন সময়ে বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতিও পেয়েছে। ২০১১ সালে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জনের গৌরবও রয়েছে প্রতিষ্ঠানটির ঝুলিতে।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে দারুন আমান ট্রাস্টের মাধ্যমে তৎকালীন জাতীয় সংসদ সদস্য ও রাজনীতিবিদ মাওলানা আব্দুস সুবহান পাবনা শহরে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বর্তমানে মূল শাখার পাশাপাশি রয়েছে মহিলা শাখা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠানটির পরিচিতি রয়েছে।
কেকে/এআই