বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বান্দরবান সদর হাসপাতাল সড়কের বেহাল দশা, দুর্ভোগে জনসাধারণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:১২ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ১১:১৪ এএম
সদর হাসপাতাল সড়ক

সদর হাসপাতাল সড়ক

বান্দরবান পৌরসভার গুরুত্বপূর্ণ সদর হাসপাতাল সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত, কাদামাটি ও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, রোগী, পথচারী ও যানবাহন চালকেরা।

পৌর এলাকার বৌদ্ধ বিহারের সামনে থেকে সদর হাসপাতালের প্রবেশমুখ পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে রয়েছে বৌদ্ধ বিহার, জেলা শিল্পকলা একাডেমি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, বন বিভাগ, বান্দরবান সরকারি কলেজ, জেলা কারাগার, সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে থাকছে। কোথাও কোথাও কাদামাটিও জমে রয়েছে। এতে যানবাহন চলাচলের সময় পথচারীদের পোশাক নোংরা হওয়ার পাশাপাশি যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

স্থানীয় বাসিন্দা মো. টিপু বলেন, “বান্দরবান একটি পর্যটন জেলা। কিন্তু জেলার বেশিরভাগ সড়কের অবস্থা শোচনীয়। বিশেষ করে হাসপাতাল সড়কটি যেন সড়ক নয়, একটি মৃত্যুফাঁদ। এই সড়কে একবার চলাচল করলে আবার যেতে ইচ্ছে করে না।”

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মংম মারমা বলেন, ‘সরকার প্রতিবছর উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। কিন্তু বান্দরবান সদর হাসপাতালের সড়কটি ঠিক হয়েও হচ্ছে না। সড়কের বেশিরভাগ অংশ ভাঙা এবং গর্তে পানি জমে আছে। বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সংস্কার করা দরকার।’

ইজিবাইক (টমটম) চালক রমজান বলেন, “প্রতিদিন বাজার থেকে নিউ গুলশান ও কালাঘাটা এলাকায় যেতে হয়। কিন্তু বৌদ্ধ বিহার থেকে জেলা শিল্পকলা একাডেমি, ফায়ার সার্ভিস, বন বিভাগ, সরকারি কলেজ, জেলা কারাগার, সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালের সামনে সড়কের অবস্থা খুবই খারাপ। একদিন গাড়ি চালালে পরের দিন গাড়ি মেরামত করতে হয়। পাশাপাশি যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।”

হাসপাতাল সড়কের দুরবস্থার কথা স্বীকার করেছেন জেলার সিভিল সার্জনও। রোগীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটি সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি।

বান্দরবানের সিভিল সার্জন মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “হাসপাতাল সড়কটি দ্রুত সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ে সড়কটির সংস্কার করা হলে জনদুর্ভোগ কমে আসবে।”

বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া বলেন, “বান্দরবানে সুপেয় পানির সরবরাহব্যবস্থার উন্নয়নে নতুন লাইন স্থাপনের জন্য বিভিন্ন পয়েন্টে সড়ক কাটতে হয়েছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।”

তিনি বলেন, “বর্ষাকাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সড়কটি মেরামতের কাজ শুরু করবে পৌরসভা। বর্তমানে সড়কে চলাচলে যে জনদুর্ভোগ হচ্ছে, তা আমরা জানি। খুব দ্রুত হাসপাতাল সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সদর হাসপাতাল সড়ক   চরম দুর্ভোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close