রাজবাড়ীর পাংশায় রাইস মিলের মোটর চুরির সন্দেহে মো. জজ আলী বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মৃত মো. শাহাদত মণ্ডলের ছেলে মো. হাকিম মণ্ডল (৫০) এবং একই এলাকার মৃত মো. সমেশ মণ্ডলের ছেলে মো. করিম মণ্ডল (৬৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে কসবামাজাইল ইউনিয়নের মো. আরিফ নামে এক যুবক মুঠোফোনে জজ আলী বিশ্বাসকে ডেকে নিয়ে যান। পরে ভোর ৪টার দিকে আসামিরা কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট মাঠে করিমের রাইস মিলের সামনের রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে জজ আলী বিশ্বাসকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে জজ আলী বিশ্বাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নিহতের মা আছিয়া খাতুন বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘নিহতের মা আছিয়া খাতুন এজাহার দায়ের করেছেন। এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
কেকে/ এমএস