শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ      নতুন রাষ্ট্রপতিকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন      রাষ্ট্রপতির শপথ ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ      নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬      বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ আজ      ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      
দেশজুড়ে
২১ মাসের বেতন বকেয়া, ১২ খণ্ডকালীন শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১২ জন খণ্ডকালীন শিক্ষককে ২১ মাসের বেতন বকেয়া রেখেই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। চাকরিচ্যুত শিক্ষকরা তাদের বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রতিষ্ঠানটি সরকারিকরণের পর অবসর ও অন্যান্য কারণে বিভিন্ন সময়ে বিষয়ভিত্তিক শিক্ষক পদ শূন্য হয়। পরে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে এসব শিক্ষকের মধ্যে কলেজ শাখায় দুজন, দিবা শাখায় পাঁচজন এবং প্রভাতী শাখায় পাঁচজনসহ মোট ১২ জন কর্মরত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, নিয়োগের পর প্রথমদিকে তাদের নিয়মিত বেতন দেওয়া হলেও পরবর্তী সময়ে বেতন পরিশোধে অনিয়ম শুরু হয়। দুই-তিন মাস পরপর এক মাসের বেতন দেওয়া হতো। এভাবে দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় চলতি বছরের আগস্ট পর্যন্ত তাদের ২১ মাসের বেতন পাওনা হয়েছে।

শিক্ষকদের দাবি, গত ১৭ ও ১৮ আগস্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ১২ জন খণ্ডকালীন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেন। তবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সময় তাদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।

চাকরিচ্যুত শিক্ষকরা জানান, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাদের অনেকেই সংসারের দৈনন্দিন খরচ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ ধার-দেনা করে সংসার চালাচ্ছেন। পাওনা বেতন পরিশোধ না করে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।

চাকরিচ্যুত খণ্ডকালীন শিক্ষক ওবায়দুর রহমান বলেন, “বেতন বকেয়া রেখে কোনো চাকরিজীবীকে চাকরিচ্যুত করার বিধান রয়েছে কি না, তা আমাদের জানা নেই। যদি এমন বিধান না থাকে, তাহলে বকেয়া বেতন পরিশোধ না করে চাকরিচ্যুত করার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে কি না, আমরা তা জানতে চাই।”

এ বিষয়ে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি চলতি বছরের ৪ মার্চ দায়িত্ব গ্রহণ করেছি। খণ্ডকালীন শিক্ষকদের যে বকেয়া রয়েছে, তা আমার দায়িত্ব গ্রহণের আগের পাওনা। আমার সময়কালের বেতন ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে পরিশোধ করার কথা দিয়েছি।”

বকেয়া বেতন পরিশোধের বিষয়ে তিনি আরও বলেন, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থ ও নিরীক্ষা শাখার পরিচালক মশিউর রহমানের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানের ফান্ড থেকে এ টাকা পরিশোধ করা হলে ভবিষ্যতে তহবিলের অর্থ থেকে তা সমন্বয় করা হবে।”

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, “আপনার মাধ্যমেই বিষয়টি জানলাম। খণ্ডকালীন শিক্ষকদের কবে নিয়োগ দেওয়া হয়েছে, কতদিন চাকরি করেছেন এবং কবে চাকরিচ্যুত করা হয়েছে, তা আমার জানা নেই। তবে স্কুল ফান্ডে যদি টাকা থাকে, চাকরিচ্যুত করলে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায়, ততটুকু দেওয়া উচিত।”

‘আগের সময়ের বকেয়া বেতনের দায়ভার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেবেন না’—এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “আগের সময় কি তারা কাজ করেননি? ভারপ্রাপ্ত অধ্যক্ষ কি তাদের কাজ করতে দেখেননি? বকেয়া থাকতেই পারে। যিনি দায়িত্বে থাকবেন, তারই দায়িত্ব বিষয়টি দেখা।”

চাকরিচ্যুত শিক্ষকরা দ্রুত তাদের ২১ মাসের বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি চাকরিচ্যুতির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বেতন বকেয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close