নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, “চেম্বার নির্বাচন আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সরাসরি কখনো প্রার্থী না হলেও সবসময় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছি। আমি নীলফামারী চেম্বারকে একটি সর্বজনীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই, যেখানে সব পেশার ব্যবসায়ী সমান সুযোগ-সুবিধা পাবেন।”
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে নীলফামারী শহরের নীলসাগর পরিবহন কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। প্রকৌশলী আহসান হাবীব লেলিন থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, “ব্যবসায়িক নেটওয়ার্ক যত বড় হবে, বাণিজ্যের প্রসার তত বাড়বে। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের বড় ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে তারা এগিয়ে যেতে পারেন।”
এছাড়াও তিনি একটি অন্তর্ভুক্তিমূলক চেম্বার গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
কোনো ধরনের অনিয়ম বা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “ব্যবসায়ী সমাজে সুযোগসন্ধানীদের কোনো স্থান নেই। সততা ও অভিজ্ঞতার মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব তৈরি হওয়া উচিত।”
ব্যবসায়ী আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সভাপতি প্রার্থী মো. মাহাবুব-উর-রহমান (মাহাবুব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি প্রার্থী মো. আবু সালেহ (সোহেল রানা) ও সহসভাপতি প্রার্থী মো. ফরহানুল হক।
এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ।
সভায় বক্তারা বলেন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। আসন্ন নির্বাচনে যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই নীলফামারীর ব্যবসায়ী সমাজের প্রত্যাশা পূরণ সম্ভব।
সভায় বক্তারা চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করা এবং সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, আগামী শনিবার (২২ আগস্ট) নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৮ মেয়াদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা ও প্রচার-প্রচারণা চলছে।
সভায় চেম্বারের নির্বাহী সদস্য প্রার্থী মো. মাহাবুবর রহমান মনি, নারায়ণ চন্দ্র রায়সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কেকে/এলএ