বুড়িগঙ্গা তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের তুরাগ, বালু ও ধলেশ্বরী নদী দূষণমুক্ত রেখে নৌপথ অবাধ ও নিরাপদ করা হবে। আজকের নৌকা বাইচে লাখো মানুষের উপস্থিতিই প্রমাণ করে আমরা বুড়িগঙ্গাকে কতটা ধারণ করি।’
ঢাকাকে নতুন করে সাজাতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি আর বলেন, ‘নদীপাড়ে মানুষের হাঁটা, অবসর ও বিনোদনের উপযোগী করে গড়ে তোলা হবে।’
নদী দখল ও দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘কোনো দুর্বৃত্ত, শিল্পগোষ্ঠী কিংবা প্রভাবশালী মহলকে নদী দখল ও সৌন্দর্য নষ্ট করতে দেওয়া হবে না। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতেই হবে। জনগণ নিরাপদ নৌযাত্রা চায়। এ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানের সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, ‘ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে হলে নাগরিকদের শহরকে ভালোবাসতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের সম্পৃক্ত করতেই ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচি নেওয়া হয়েছে।
গাবতলী থেকে কামরাঙ্গীরচর, সোয়ারীঘাট সদরঘাট হয়ে আট লাইনের রাস্তা দ্রুত বাস্তবায়নের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ ডিএসসিসির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাজধানীর ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী এ কর্মসূচিতে নৌকা বাইচ ছাড়াও হেরিটেজ সাইকেল র্যালি, হেরিটেজ রান, নাট্যোৎসব, চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
কেকে/এআই