মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আহত বিরল প্রজাতির উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টায় একটি বানর বৈদ্যুতিক শকে আহত হয়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আহত বানরটিকে উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উদ্ধার করা বানরটি উল্টোলেজি বানর, যা সিংহ বানর নামেও পরিচিত। এটি বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। স্থানীয়ভাবে এ বানরকে বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে।
উদ্ধারের পর আহত বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বিদ্যুতের তারে বানরের এমন দুর্ঘটনা বন্যপ্রাণীর জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এ ধরনের ঘটনা রোধে আবাসিক ও বনসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হওয়া প্রয়োজন।
কেকে/এআই