ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী একটি ট্যাংকলরি ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৫-৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত সিএনজি চালকের নাম লাল মিয়া। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
আহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শুভ। সে উপজেলার কাগজপুর এলাকার জলাল মিয়ার ছেলে। নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট একই ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর অংশে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। এর কয়েক সপ্তাহের মধ্যেই একই মহাসড়কে ফের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কেকে/এআই