শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিনকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:৫০ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ৮:৫৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক দুইবারের সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অন্যায়, অগঠনতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন নেতাকর্মীরা। এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে শহরের শাপলাবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি শহরের হবিগঞ্জ রোড, চৌমুহনা এবং স্টেশন রোড প্রদক্ষিণ করে রেলস্টেশনের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে দলটির তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন বলেন, ‘কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই মো. তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায় ও অগঠনতান্ত্রিক। তিনি তৃণমূল পর্যায়ের সবচেয়ে জননন্দিত ও ত্যাগী নেতা। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলের দুঃসময়ে তার বিরুদ্ধে ৩০টির বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তিনি ৭২০ দিন কারাবাস করেছেন। এমনকি ২০১৮ সালের ৫ জানুয়ারি খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে মিছিলে পুলিশের হামলায় তার ডান পা ভেঙে যায়।’

নেতাকর্মীদের অভিযোগ, চাঁদাবাজ ও বালু সিন্ডিকেটে জড়িত কয়েকজন ব্যক্তির ইন্ধনে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আওয়ামী পুনর্বাসন ও সামনের কাউন্সিলে ‘পকেট কমিটি’ গঠনের পাঁয়তারা করা হচ্ছে।

বিক্ষোভ সমাবেশ দলের কাছে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—অব্যাহতির আদেশ দ্রুত প্রত্যাহার করা, জেলা ও উপজেলা বিএনপি যৌথ সভা ডেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা, উৎসবমুখর পরিবেশে দ্রুত দলীয় কাউন্সিল আয়োজন করা এবং নিয়মতান্ত্রিক উপায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করা।

দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। এর মধ্যে রয়েছে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রোডমার্চ এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. তাজ উদ্দিন তাজুকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৭ আগস্ট বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এছাড়া গত ২০ আগস্ট শ্রীমঙ্গল শহরের সংবাদ সম্মেলন করে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান মো. তাজ উদ্দিন তাজু ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বিএনপি   নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close