রংপুরে একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, দোতলা বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভেতরে প্রবেশের পর দোতলার একটি ঘরের খাটের নিচ থেকে প্রীয়মের মরদেহ উদ্ধার করা হয়। তিনতলায় ওঠার সিঁড়ি থেকে প্রীতিলতা ও প্রার্থী চক্রবর্তীর এবং বাড়ির ছাদ থেকে গণপতি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।
ওসি নাজমুল কাদের বলেন, “তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে সিআইডির তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।”
পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিংবা পারিবারিক কোনো মর্মান্তিক ঘটনার ফল হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত করছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।”
কেকে/সাশ