দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, নিবন্ধনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার একটি দল উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আশরাফুল ইসলাম সরকার ও মানিক হোসেনকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি কালো রঙের বাওফেং বিএফ-৮৮৮এস মডেলের ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি রিয়েলমি সি৬৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ছাড়া ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা প্রিমিয়ার ব্যাংকের একটি চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ। অভিযানে একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ ও কালো-লাল রঙের নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিরা ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের কাছে ওয়্যারলেস সেটসহ বিভিন্ন সামগ্রী পাওয়ার বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে তারা কোথায় এবং কীভাবে এই পরিচয় ব্যবহার করতেন, এর মাধ্যমে কেউ প্রতারিত হয়েছেন কি না এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জব্দ করা ব্যাংকের চেক ও এটিএম কার্ডের মালিকানা এবং সেগুলো কীভাবে আটক ব্যক্তিদের কাছে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে। একই সঙ্গে নিবন্ধনবিহীন মোটরসাইকেলটির মালিকানা ও কাগজপত্র যাচাই করা হচ্ছে।
পুলিশের এ অভিযানের পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় ব্যবহার করে কেউ সাধারণ মানুষকে বিভ্রান্ত বা ভয়ভীতি দেখালে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, ‘ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কেউ ডিবি বা পুলিশের পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে টাকা, ব্যাংকের চেক, এটিএম কার্ড কিংবা অন্য কোনো সামগ্রী দাবি করলে পরিচয় নিশ্চিত না হয়ে তা হস্তান্তর না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করারও আহ্বান জানানো হয়েছে।
কেকে/ এমএস