জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের শাস্তি হিসেবে পার্বত্য এলাকায় বদলি না করে সৎ ও যোগ্য কর্মকর্তাদের পার্বত্য এলাকায় পদায়ন করতে হবে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের কাছে এ দাবি জানান তিনি।
সারজিস আলম বলেন, ‘পার্বত্য এলাকার মানুষরা কি মানুষ নয়? এখানে যদি সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তি হিসেবে বদলি করা হয়, তবে ওই খারাপ মানুষটি বান্দরবানের নিরীহ জনগণের ওপর আরও জুলুম করবে।’
তিনি আরও বলেন, ‘যারা এমনিতেই কষ্টে আছে, যারা নাগরিক সুযোগ-সুবিধা পায় না, তাদের কাছে এমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পাঠালে পার্বত্য এলাকার জনগণের কষ্টের সীমা থাকবে না।’
এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বান্দরবানে না পাঠিয়ে সৎ ও যোগ্য কর্মকর্তাদের পার্বত্য এলাকায় পদায়ন করতে হবে।’
সারজিস আলম আরও বলেন, প্রতিটি জাতিগোষ্ঠীর ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করছে এবং আগামীতেও করে যাবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।
কেকে/এমএস