মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। পরে তার সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধিবেশনের মূল পর্বে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক ও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
ফলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সানফ্রান্সিসকো সফরেরও সম্ভাবনা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এদিকে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার বিষয়ে আলোচনা চললেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
কেকে/ এমএম