সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
চা-বাগান থেকে হার্ভার্ডে মৌলভীবাজারের শান্তা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৪১ এএম আপডেট: ২৪.০৮.২০২৬ ১১:৪৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চা-বাগানের শ্রমিক পরিবারের সন্তান শান্তা যাদব। শৈশব কেটেছে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে। তবে প্রতিকূলতা তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা-বাগান থেকে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তিনি।

প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বৃত্তিসহ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার অব মেডিকেল সায়েন্স ইন গ্লোবাল হেলথ ডেলিভারি’ প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন শান্তা। জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষার জন্য ১৬টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও নিজের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিবেচনা করে হার্ভার্ডকেই বেছে নেন তিনি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে শুরু করেছেন তার একাডেমিক কার্যক্রম।

শান্তার বাবা লক্ষ্মী নারায়ণ যাদব ও মা রিনা যাদব দুজনই লংলা চা-বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক। সীমিত আয় ও নানা প্রতিকূলতার মধ্যেও ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল শান্তার। সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি; বরং বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে।

লংলা চা-বাগানের স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন শান্তা। এরপর কুলাউড়ার ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল থেকে এসএসসি এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শুধু নিজের পড়াশোনাতেই সীমাবদ্ধ ছিলেন না শান্তা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি চা-ছাত্র সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ প্ল্যাটফর্মের মাধ্যমে চা-বাগানের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

শৈশব থেকেই চা-বাগান এলাকার মানুষের নানা সংকট খুব কাছ থেকে দেখেছেন শান্তা। শিক্ষা উপকরণের অভাব, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং শ্রমজীবী মানুষের জীবনযাত্রার নানা সমস্যা তার মনে গভীর প্রভাব ফেলে। এসব অভিজ্ঞতাই তাকে জনস্বাস্থ্য নিয়ে কাজ করার অনুপ্রেরণা দেয়।

হার্ভার্ডে উচ্চশিক্ষা শেষে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে কাজ করতে চান শান্তা। অর্জিত জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তার ভবিষ্যৎ লক্ষ্য।

চা-বাগানের শ্রমিক পরিবারের সন্তান থেকে হার্ভার্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পৌঁছানো শান্তা যাদব এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থী ও তরুণদের কাছে অনুপ্রেরণার নাম। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং চা-বাগান সম্প্রদায় ও মৌলভীবাজার জেলার জন্যও গর্বের বিষয়।

শান্তার সাফল্যে স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, উচ্চশিক্ষা ও গবেষণা শেষে শান্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবেন এবং মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শান্তা যাদব   মৌলভীবাজার   হার্ভার্ড বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close