রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
অর্থনীতি
শিল্প-একাডেমিয়া গবেষণায় ২১ কোটি টাকার বেশি অনুদান
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:৫২ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ২:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানে গবেষণা ও উদ্ভাবনের জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রি রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (বিআইআরডিআই) গ্রান্টের আওতায় ১২টি গবেষণা প্রকল্পকে ২১ কোটি টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত বিআইআরডিআই গ্রান্ট অ্যাওয়ার্ডিং অনুষ্ঠানে প্রকল্পগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের সনদ তুলে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিকিপ)’-এর প্রথম রাউন্ডে এসব অনুদান দেওয়া হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ওষুধ, বস্ত্র, কৃষি, বৈদ্যুতিক যান, ইলেকট্রনিকস ও জ্বালানি খাতের গবেষণা।

সিকিপের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা দলের যৌথ অংশীদারত্বে বাস্তব শিল্প সমস্যা সমাধানে গবেষণা করা হবে। প্রকল্পগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কাপড়ের ত্রুটি শনাক্তকরণ, পানি সাশ্রয়ী স্মার্ট ডাইং প্রযুক্তি, দেশে ভ্যাকসিন তৈরিতে প্রয়োজনীয় এনজাইম উৎপাদন, সৌরবিদ্যুৎচালিত কোল্ড স্টোরেজ এবং ওপেন সোর্স চিপ ডিজাইনের মতো উদ্যোগ রয়েছে।

অনুদানের জন্য ১২৩টি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা পড়ে। এর মধ্যে ৩৩টি দল বিস্তারিত আবেদন পর্যায়ে উত্তীর্ণ হয়। পরে একাডেমিয়া, শিল্প ও সরকারি খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত স্বাধীন প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে ১২টি প্রকল্প নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আজ শুধু অনুদানের সনদ দেওয়ার অনুষ্ঠান নয়; বাংলাদেশ কেমন অর্থনীতি গড়ে তুলতে চায়, সেটিরও একটি ঘোষণা। জ্ঞান, উদ্ভাবন ও নিজস্ব মেধার সক্ষমতার ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিযোগিতা করবে।”

তিনি বলেন, “গবেষণা ও উন্নয়নকে ব্যয় হিসেবে নয়, বরং উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, সবুজ প্রযুক্তি এবং তরুণদের উচ্চ দক্ষতার কর্মসংস্থানে বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে অর্থ বিভাগ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ও সিকিপের জাতীয় কর্মসূচি পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদার। তিনি বলেন, “এ গ্রান্টের লক্ষ্য হলো শিল্পের প্রয়োজনভিত্তিক বাস্তবসম্মত সমাধান উদ্ভাবনে গবেষণাকে উৎসাহিত করা। এর মাধ্যমে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের দক্ষ জনশক্তির ভিত্তি আরও শক্তিশালী হবে।”

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝ্যাং অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি সিকিপের লক্ষ্য বাস্তবায়ন এবং বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারত্বের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিকিপের অতিরিক্ত সচিব ও নির্বাহী কর্মসূচি পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসাইন। পরে তিনি অতিথি, অনুদানপ্রাপ্ত গবেষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  শিল্প-একাডেমিয়া গবেষণা   অনুদান   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close