নড়াইলের কালিয়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা কর্মকর্তা (ডিস্ট্রিক্ট ম্যানেজার) জেনারুল ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী তিনি কলাবাড়িয়া, বাঐসোনা ও সালামাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম ও পরিষদের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার। এ সময় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া দেন।
আলোচনায় গ্রাম আদালতের মামলা পরিচালনা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
এছাড়া কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলামের সঙ্গে ভিসিএমসি সভা, সেরা চেয়ারম্যান নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমের মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন জেনারুল ইসলাম।
ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম বলেন, “ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করা গেলে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত এবং সহজে নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও সহজ হবে।”
পরিদর্শনকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কালিয়া উপজেলা সমন্বয়কারী দীপা ঘরামী, উপজেলা ভিসিএমসি কমিটির সদস্য সাংবাদিক মো. খাইরুল ইসলাম চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হিসাব সহকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ