মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
দেশজুড়ে
‘নিজ দেশে ফিরতে চাই’—উখিয়ায় রোহিঙ্গাদের বড় সমাবেশ
আবদুল্লাহ আল সম্রাট, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৩:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) এ সমাবেশের আয়োজন করে। এতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা অংশ নেন।

সমাবেশে ২০১৭ সালের সহিংসতায় নিহত স্বজনদের স্মরণ করা হয়। একই সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত এবং দ্রুত নিজ ভূমি মিয়ানমারে ফেরার বিষয়ে বক্তব্য দেন বক্তারা।

সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বক্তারা বলেন, ২০১৭ সালের সহিংসতার ক্ষত এখনো রোহিঙ্গাদের মনে গভীরভাবে রয়ে গেছে। স্বজন হারানো, ঘরবাড়ি ছেড়ে আসা এবং দীর্ঘদিন নিজ দেশে ফিরতে না পারার কষ্ট তাদের জীবনকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে।

‘আমরা আমাদের দেশে ফিরতে চাই’

রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ রফিক বলেন, “আমরা বিশ্বের কাছে দশ মিনিট চাই, নয়টা বছর পার করেছি। এ দেশ আমাদের নয়, আমরা আমাদের দেশে ফিরতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরকান আমাদের, আমরা আরকানের—এর চেয়ে আর বড় কোনো সত্য নেই।”

রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুধু ফেরত পাঠালেই হবে না

ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ সৈয়দ উল্লাহ বলেন, “বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার জন্য তারা কৃতজ্ঞ। তবে তারা স্থায়ীভাবে শরণার্থী হিসেবে থাকতে চান না। তারা নিজেদের জন্মভূমি মিয়ানমারে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান।”

তিনি বলেন, “প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। শুধু সীমান্ত পার করে মিয়ানমারে পাঠিয়ে দিলেই হবে না; ফিরে যাওয়ার পর নিরাপত্তা, নাগরিকত্ব, অধিকার, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তাও থাকতে হবে।”

আন্তর্জাতিক উদ্যোগ চাইলেন রোহিঙ্গারা

সমাবেশে বার্মিজ ভাষায় বক্তব্য দেন ইউসিআর নেতা মাস্টার শোয়েব। তিনি রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

তিনি বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরভাবে কাজ করতে হবে। এমন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যাতে রোহিঙ্গারা ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা ছাড়া নিজেদের জন্মভূমিতে ফিরে যেতে পারেন।”

‘আরকানে ফিরতে চাই’ স্লোগানে মুখর ক্যাম্প

সমাবেশের একপর্যায়ে প্রায় ১০ মিনিট ধরে রোহিঙ্গা ভাষায় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় ‘শেষ হত এক্কান ফিরত চাই আরকান’—অর্থাৎ ‘আমাদের শেষ কথা একটাই, আরকানে ফিরতে চাই’—স্লোগানে সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।

স্লোগানের মাধ্যমে রোহিঙ্গারা নিজেদের জন্মভূমিতে ফেরার আকাঙ্ক্ষা এবং নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের দাবি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।

নিরাপত্তায় এপিবিএন

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হয়। সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করেন।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতার পর প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এরপর থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে তাদের বসবাস। দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চললেও এখনো অধিকাংশ রোহিঙ্গার নিজ দেশে ফেরার অনিশ্চয়তা কাটেনি।

রোহিঙ্গাদের দাবি, নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা, জীবিকা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত তাদের নিজ ভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  উখিয়া   রোহিঙ্গা   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close