সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিরতিহীন বাসের স্টপেজের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী ‘বিরতিহীন’ বাস সার্ভিসের শ্রীমঙ্গল যাত্রাবিরতি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পর্যটন নগরী শ্রীমঙ্গলে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক, চাকুরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থী যাতায়াত করলেও গুরুত্বপূর্ণ এ জনপদে বাসটির স্টপেজ না থাকায় তাদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে দ্রুত যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রীমঙ্গলের সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ’-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। প্রতিদিন শিক্ষা, চিকিৎসা ও পেশাগত প্রয়োজনে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটমুখী বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু বিরতিহীন বাস সার্ভিসে স্টপেজ না থাকায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে। বিকল্প উপায়ে ভেঙে ভেঙে যাতায়াত করতে গিয়ে সাধারণ যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

বক্তারা অবিলম্বে শ্রীমঙ্গলে যাত্রাবিরতি চালু করার দাবি জানান এবং অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এর আগে একই দাবিতে গত ১৩ আগস্ট শ্রীমঙ্গলের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী লিখিত বক্তব্যে তিন দফা দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে হবিগঞ্জ-সিলেট ‘বিরতিহীন’ বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা অবিলম্বে পুনর্বহাল করা, পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের সুযোগ-সুবিধা বন্ধ না করা এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব সার্ভিস নিশ্চিত করা।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবহন মালিকদের অভ্যন্তরীণ বিরোধের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বাহুবলের স্থানীয় বাসিন্দা ও শ্রীমঙ্গলের এক মসজিদের ইমাম মাওলানা শাফায়েত উল্লাহ এবং সমুজ আলী জানান, দীর্ঘদিন ধরে এ রুটে যাত্রাবিরতি না থাকায় তারা লোকাল বাসে বা বিকল্প উপায়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেলও জনস্বার্থে এ যাত্রাবিরতি পুনর্বহালের জোর দাবি জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাস মালিকদের মধ্যে নতুন বাস চলাচল নিয়ে বিরোধ নিরসনে গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ জুন থেকে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটের ‘বিরতিহীন’ বাস সার্ভিসের শ্রীমঙ্গল যাত্রাবিরতি বন্ধ রয়েছে।

প্রশাসনের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বিরতিহীন বাস   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close