ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জশনে জুলুসের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য জুলুস বের হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জুলুসটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বান্দরবান মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে মুক্তমঞ্চে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণি। এ সময় গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আছহাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক তমিজ উদ্দীন চৌধুরী, জশনে জুলুস উদযাপন কমিটির আহ্বায়ক নুরুল ইসলামসহ গাউছিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা সম্ভব। তাঁর দেখানো পথে জীবন পরিচালনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কেকে/সাশ