কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ক্যাম্পাসের ক্যানভাসে সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালার প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল, ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান, ডেইলি ওয়াদারের সাংবাদিক মুহাম্মদ আলী মাজেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু শামা এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্যান্য সাংবাদিকরা।
প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণা, ক্যাম্পাস রিপোর্টিং, তথ্য সংগ্রহ ও যাচাই, সাক্ষাৎকার গ্রহণের কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাংবাদিকতার সম্পর্ক এবং বর্তমান সময়ে সংবাদ পরিবেশনে প্রযুক্তির ব্যবহার নিয়েও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, ক্যাম্পাস সাংবাদিকতায় দায়িত্বশীলতা, তথ্যের সত্যতা যাচাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দক্ষতা বাড়ানোই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী আয়োজন বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।
কেকে/সাশ