মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারটি এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ৯টারদিকে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা বড়বাড়ি এলাকায় ইসাব মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় ইসাব মিয়ার ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। রাত প্রায় সাড়ে নয়টার দিকে হঠাৎ ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী পরিবারের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ঘরের খাট, আলমারি, রান্নার সামগ্রী, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ইসাব মিয়া বলেন, ‘আমার আর কিছুই রইল না। আগুনের গ্রাসে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারিনি। সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
বর্তমানে সর্বস্ব হারানো পরিবারটি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। বসতঘর হারিয়ে তারা চরম অনিশ্চয়তা ও দিশেহারা অবস্থায় রয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ২০ হাজার টাকা, শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ঘর মেরামতের জন্য ঢেউটিনসহ অন্যান্য সহযোগিতা করা হবে।’
নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এআই