শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম: নভেম্বরে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী      নেপাল সীমান্তে আবারও বন্যার শঙ্কা, চীনের জরুরি পদক্ষেপ      হিমবাহ ধসে নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৪৬৯      আত্রাইয়ে পৌঁছেছে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মরদেহ      হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ      সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট      
রাজনীতি
সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির প্রস্তুতি, সম্ভাব্য প্রার্থী যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও এরই মধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। অরাজনৈতিক নির্বাচন হলেও ভেতরে ভেতরে প্রধান তিনটি রাজনৈতিক দল নিজেদের সম্ভাব্য প্রার্থী তালিকা বাছাইয়ের কাজ করছে। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপি এবং প্রধান বিরোধী দল জামায়াত ও তাদের অন্যতম মিত্র এনসিপি এ ক্ষেত্রে বেশ সরব।

প্রস্তুতি নিলেও এখন পর্যন্ত কোনো সিটি করপোরেশন নির্বাচনেই সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিএনপি। দলটির একাধিক নেতা জানিয়েছেন, প্রতিটি এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে একজনকে বাছাই করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দলীয় হাইকমান্ড জানিয়েছে, কেউ বিদ্রোহী প্রার্থী হলে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হবে। অপরদিকে জামায়াত ও এনসিপি বেশ কয়েকটি সিটিতে নিজেদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পর্যায়ক্রমে সব প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা।

তিন দলের নেতারাই জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের সক্ষমতা যাচাই এবং সাংগঠনিক বিস্তৃতি জানান দিতে তারা দলীয় প্রার্থী দিতে চান। তবে এ ক্ষেত্রে শরিকদের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কাও রয়েছে। এমন আশঙ্কা থাকলেও তৃণমূলে কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

১৩ সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী কারা?

নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত না হলেও দেশের ১৩টি সিটি করপোরেশনে সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তারা নিজ নিজ অবস্থান থেকে এলাকায় প্রার্থিতার জানান দিচ্ছেন। অনেকে দোয়া চেয়ে ব্যানার-ফেস্টুনও সাঁটিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: দলের মধ্যে আলোচনায় রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্তমান সিটি প্রশাসক আব্দুস সালাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন: বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বর্তমানে সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নাম আলোচনায় রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন: সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং নগর বিএনপির বর্তমান সদস্যসচিব নাজিমুর রহমান।

রাজশাহী সিটি করপোরেশন: আলোচনায় রয়েছেন বর্তমান প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত শাহীন, রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক মামুন অর রশিদ এবং রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

বরিশাল সিটি করপোরেশন: সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক প্যানেল মেয়র আলহাজ কে এম শহিদুল্লাহ, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, বর্তমান সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, বিএনপি নেতা এবায়েদুল হক চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন এবং বরিশাল মহানগর যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীম।

খুলনা সিটি করপোরেশন: সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাবেক মেয়র মনিরুজ্জামান মনি।

সিলেট সিটি করপোরেশন: সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে একসময় অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হলেও গত সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি প্রবাসী কল্যাণমন্ত্রী হওয়ায় এবার তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নেই। বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নামও আলোচনায় রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন: সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, বর্তমান প্রশাসক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, নগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু এবং বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী। সাবেক মেয়র সাক্কু ২০২৪ সালের সিটি নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কৃত হন। তার বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার করা হয়নি। এরপরও তিনি দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী।

রংপুর সিটি করপোরেশন: মেয়র পদে বর্তমান প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজুন্নবী ডনের প্রার্থিতা অনেকটাই নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি ইতোমধ্যে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম মিজু দীর্ঘদিন আগেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা রয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশন: সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান প্রশাসক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান এবং সাবেক পৌর মেয়র আমিনুল হক।

গাজীপুর সিটি করপোরেশন: বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে এখনো কারও নাম নিশ্চিতভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান প্রশাসক সাখাওয়াত হোসেন খান, বিএনপি নেতা জাকির খান ও রাকিবুল ইসলাম খান। এ ছাড়া বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকারের নামও আলোচনায় রয়েছে। তাঁর বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার না হলেও বিএনপিতে ফিরতে পারেন বলে গুঞ্জন রয়েছে। একটি সূত্রের দাবি, সাখাওয়াত হোসেন খানকেই প্রার্থী হিসেবে বেছে নিতে পারে দলের হাইকমান্ড।

বগুড়া সিটি করপোরেশন: নবগঠিত এই সিটি করপোরেশনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বর্তমান প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীনকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।

মনোনয়ন পাবেন কারা?

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিগত দিনের ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হবে। বিতর্কিতদের সুযোগ দেওয়া হবে না। সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা খোঁজখবর নিচ্ছেন। এরপর দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘স্থানীয় নির্বাচনে বিএনপি বরাবরই জনপ্রিয় প্রার্থীদের বেছে নেয়। সিটি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে দলের দুর্দিনে কার কতটুকু অবদান বা আনুগত্য ছিল, বিষয়টি বিবেচনা করা হবে। আর কোনো অপকর্মে জড়িত বা শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আলোচিত নেতাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। সবকিছু বিবেচনায় এনেই প্রার্থী বাছাই করা হবে।’

আগাম প্রার্থিতা চূড়ান্ত জামায়াতের

বিএনপি এখনো কোনো সিটিতে প্রার্থী তালিকা চূড়ান্ত না করলেও বেশিরভাগ সিটিতে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণে ডাকসুর ভিপি সাদিক কায়েম, চট্টগ্রামে সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, বরিশালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে এটিএম আজম খান, ময়মনসিংহে কামরুল আহসান এমরুল, নারায়ণগঞ্জে শিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার এবং গাজীপুরে হাফিজুর রহমানকে মেয়র প্রার্থী করছে জামায়াত।

কুমিল্লা, সিলেট, খুলনা ও বগুড়া সিটি করপোরেশনে এখনো প্রার্থিতা ঘোষণা করেনি দলটি। এর মধ্যে খুলনা সিটিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন করতে পারেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। তবে বিষয়টি এখনো হাইকমান্ড থেকে নিশ্চিত করা হয়নি।

কুমিল্লায় মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মাস্টার মোসলেহ উদ্দিন ও ভিপি মজিবসহ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে বগুড়ায় জামায়াতের প্রার্থী হতে পারেন শহর আমির আবিদুর রহমান সোহেল। দলীয় সূত্র জানায়, তিনি গত জাতীয় নির্বাচনে বগুড়া-২ আসনে তারেক রহমানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

৬ সিটে এনসিপির তালিকা চূড়ান্ত

জামায়াতের সঙ্গে ১১ দলীয় জোটের শরিক হলেও সিটি নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তরে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া সিলেটে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, রাজশাহীতে মোবাশ্বের আলী এবং কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনে এখনো প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। তবে সাবেক আওয়ামী লীগ নেতা ও বিএনপি থেকে নির্বাচিত সাবেক মেয়র মঞ্জুরুল ইসলামকে প্রার্থী করার চেষ্টা চলছে বলে একটি সূত্র জানিয়েছে। বাকি সিটিগুলোতেও প্রার্থী বাছাই চলছে।

এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘বাকি সিটিতে প্রার্থী বাছাই চলছে। এক্ষেত্রে গণমুখী ও ক্লিন ইমেজধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।’

এককভাবে নির্বাচনে তিন দলই

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যুগপতের শরিকদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলীয় চেয়ারম্যানের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির জরিপে কোনো সিটিতেই শরিকদের তেমন অবস্থান নেই। তাই তাদের ছাড় দিয়ে ঝুঁকি নিতে চায় না দলটি। বরং বিএনপির প্রার্থীর পক্ষে শরিকদের কাজে লাগানোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি বিভিন্ন কর্মসূচিতে দলটির শীর্ষ নেতারা এ কথা জানিয়েছেন।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘জামায়াত জোটগত নির্বাচন করবে না। কারণ এতে তৃণমূলে কার কতটা অবস্থান আছে, তা প্রমাণ হবে। তাছাড়া এতে দল গোছানোর সুযোগও পাওয়া যাবে।’

একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। গত ২৪ আগস্ট চট্টগ্রামে এক কর্মসূচিতে তিনি জানান, এনসিপি অবশ্যই এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেবে। অধিকাংশ সিটিতে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

সারজিস আলম মনে করেন, নির্বাচনে জয়ী না হলেও এতে নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং নতুন নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিটি নির্বাচন   সম্ভাব্য প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close