জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্পের ঘর থেকে রূপসী আক্তার (১৮) নামে যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ বইশাগাড়ী এলাকা থেকে মরদেহ উদ্ধার হয় করা।
নিহত রূপসী ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ ঘোনাপাড়া এলাকার সাইর উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাপড়-চোপড় নিয়ে বাড়ি থেকে বের হন রূপসী। শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে সার ও কীটনাশক দিতে গিয়ে পাশের একটি সেচ পাম্পের ঘরের ভেতর তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রূপসীর বাবা বলেন, ‘প্রায় দুই বছর আগে এক রাজমিস্ত্রির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টাও করা হয়েছিল।’
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘সকালে ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে জানতে পারি, পূর্ব চরপাকেরদহ এলাকায় সেচ পাম্পের ঘরে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই তরুণীর নাম রূপসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রূপসীর মরদেহ উদ্ধার করে।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে রূপসীকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
কেকে/এআই